এবারের এইচএসসি পরীক্ষার ফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফলে কোনো রাগঢাক না রেখে প্রকৃত চিত্র তুলে ধরায় বিএনপি সরকারকে সাধুবাদ জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা দৈনিক পঞ্চগড় খবরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস।
তিনি বলেন, এবার পাসের হার প্রায় ৫২ শতাংশে নেমে এসেছে। জিপিএ-৫ পেয়েছেন প্রায় ২৪ হাজার শিক্ষার্থী, যা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি। প্রায় ৩ লাখ শিক্ষার্থী এক বিষয়ে এবং সাড়ে ৪ লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের বছর নষ্ট হওয়া ঠেকাতে অল্প সময়ের মধ্যে আবার পরীক্ষার সুযোগ দেয়ার উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস বলেন, বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশেরও অবসান ঘটবে বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে নানা আলোচনা চললেও মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।