বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। এ ধরনের ফরমের সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুমোদনের পর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় ব্যবহার করা হয় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা। পাশাপাশি নিয়োগসংক্রান্ত তথ্য বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
তাই বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেয়া এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগসংক্রান্ত তথ্য জাতীয় দৈনিক, বিমানের ওয়েবসাইট ও টেলিটক নিয়োগ পোর্টাল থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।