পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে বজ্রপাতে নিহত ছয়জনের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া আহত তিনজনের প্রত্যেকের পরিবারকে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে হতাহতদের পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তামারা তাসবিহা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান কয়েকজন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। সেখানে বজ্রপাতে ছয়জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
নিহতরা হলেন—আব্দুল্লাহ (২১), রব্বেল (২২), শাওন (২২), মিজান (১২), সাজিদ (১০) ও ইমন (১৪)। তাদের সবার বাড়ি পাবনার বিভিন্ন গ্রামে।
জেলা প্রশাসক জানান, হতাহত পরিবারের আরও কোনো সহায়তার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসও পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছেন।
নজরুল ইসলামবাধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।