কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে পথসভা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জেলার কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত এ পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়। স্বাধীনতার পর এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনো লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তিনি আশা প্রকাশ করেন, গোপালগঞ্জবাসী তাদের আন্দোলনের সঙ্গে থাকবেন।
জামায়াত আমির আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের দেয়া রায় বাস্তবায়ন করাই তাদের প্রধান দাবি। এটি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজারো নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেন জোটের নেতারা।
ভাটিয়াপাড়ার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। পথে খুলনা, যশোর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে পথসভা করার কথা রয়েছে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে সাত দফা দাবি আদায়ে গেলো ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।