দিনাজপুরের নবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গেল ১২ অক্টোবর রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের জামালপুর এলাকায় ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে কয়েকটি যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের জিম্মি করে। পরে তাদের মারধর করে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানচালক আরাফাত প্রামাণিক নবাবগঞ্জ থানায় মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আটজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গাইবান্ধা ও রংপুরের বাসিন্দারা রয়েছেন। পুলিশের ভাষ্য, তাদের কয়েকজনের বিরুদ্ধে আগেও ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
গেল ১৯ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি এইচপি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, একটি করাত ও একটি কাস্তে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে তদন্ত চলছে।
দিনাজপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।