পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেয়া বাসায় ডিবির অভিযানে মাদকসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ নারী ও ৫৮ পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একজন আফগান নাগরিকও আছেন।
সোমবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকার বাসাটিতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগ। সেখানে অবৈধ মাদকসেবন ও ডিজে পার্টির আয়োজনের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। অভিযানকালে গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে বাসাটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। বাসা থেকে পাওয়া আয়ের ৭০ শতাংশ নিতেন বলে অভিযোগ রয়েছে আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি। এ বিষয়ে জানতে আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।