নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আরপি পরিবহনের বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৯ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সামাদ ফকির (৭০), সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), বাসচালক সোহেল রানা (৪০), আনোয়ার হক (৩০) ও পটুয়াখালীর তাছফিয়া খাতুন (৮)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বাসটি বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। দুর্ঘটনায় আহতদের নাটোরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।