যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি। ৬৮ বছর বয়সী এই কর্মকর্তার সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে ৪২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ইরানের পার্লামেন্টে ২৩৭ ভোট পেয়ে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পান আখলাঘি। তিনি নিহত সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। নাসিরজাদেহ গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আখলাঘি এর আগে দেশটির ক্ষেপণাস্ত্র, মহাকাশ প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেটের প্রপালশন প্রযুক্তি এবং নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র উন্নয়নেও তার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তিনি।
নতুন প্রতিরক্ষামন্ত্রীর প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে সামরিক-শিল্প অবকাঠামো পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা বাড়ানো।
দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আখলাঘি বলেন, ইরান প্রস্তুতি নিয়েছে এবং নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অঞ্চল থেকে মার্কিন সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।