প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নিরাপদে উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। আগামী ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং এরপর মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হবে।

মন্ত্রী জানান, ফানুস ওড়ানোসহ বিভিন্ন আয়োজন ঘিরে চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা ও দেশের অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। দুর্গাপূজার মতো এসব উৎসবেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৌদ্ধ বিহারগুলোর তালিকা পেলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
সভায় বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।