বগুড়ায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এ পূজার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি দেখা যায়।
এ বছর ছয় বছর বয়সী রূপকথা সাহাকে কুমারী হিসেবে দেবীর আসনে বসিয়ে পূজা করেন ভক্তরা। মাতৃভাব ও নারীর পবিত্রতার প্রতীক হিসেবে কুমারী পূজার আয়োজন করা হয়।
আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জী বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। নারীদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করার ভাবনা থেকেই এ পূজার আয়োজন করা হয়। মাটির প্রতিমার পাশাপাশি কুমারী পূজায় দেবীর জীবন্ত রূপের আরাধনা করা হয়।
আশ্রমের সেক্রেটারি অ্যাডভোকেট আতিয়া কান্ত বর্মণও নারীদের যথাযথ সম্মান দেয়ার ওপর গুরুত্ব দেন। কুমারী রূপকথার মা প্রিয়াঙ্কা সাহা মেয়েকে এ পূজায় অংশ নিতে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ১২টি উপজেলায় ৭৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
সজল শেখ
বগুড়া প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।