হুতি গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মিশর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, সম্পদ ও ইসলামের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় কায়রো রিয়াদের পাশে থাকবে।
রোববার (১৮ অক্টোবর) আল-সিসির সভাপতিত্বে ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের বৈঠকে এ অবস্থান জানানো হয়। একই সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথা জানিয়েছে মিশর।
ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘর্ষ শুরুর পর সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোতে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেয়ার ক্ষমতা পেতে জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করেছেন আল-সিসি।
এর আগে গেল সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে লোহিত সাগরে নিরাপদ ও অবাধ নৌ-চলাচলের প্রতি সমর্থন জানিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট। কায়রোর মতে, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা মিশরের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নৌপথে অস্থিরতা মিশরের সুয়েজ খালের রাজস্বেও প্রভাব ফেলতে পারে। এ কারণে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করাও কায়রোর গুরুত্বপূর্ণ স্বার্থ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।