হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা ডায়মন্ড, স্বর্ণ ও প্লাটিনামের অলংকারসহ মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে চোরাচালানের তথ্য পেয়ে সতর্ক অবস্থান নেন কাস্টমসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জনি রহমানকে শনাক্ত করা হয়। তার ব্যাগ স্ক্যান করে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে বয়ামের ভেতরে লুকানো অলংকার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ডায়মন্ড বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের আংটি, দুটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট ও একটি স্বর্ণের চেইন। এ ছাড়া ৪৭২টি ডায়মন্ডের নাকফুল, ৪৫ ক্যারেটের ডায়মন্ড পাথর, ৭২০টি পোখরাজ ও রুবি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম।
এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বাদী হয়ে জনি রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে। এসব সামগ্রী আনার উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।