ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি। বিক্ষোভ দমনে রাজধানীতে ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্যেই রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সঙ্গে নিয়ে চেন্নাই মেট্রোর দ্বিতীয় লাইন উদ্বোধন করেন মোদি। প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ লাইনে উদ্বোধনের পর পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লা বাইপাস স্টেশনে যান তিনি। পরে আবার আগের স্টেশনে ফিরে আসেন। এ ছাড়া চেন্নাইয়ে ৩ হাজার ৭০০ কোটি রুপির একটি সড়ক প্রকল্পও উদ্বোধনের কথা রয়েছে তার।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান অভিজিৎ দ্বীপকসহ হাজারো বিক্ষোভকারীকে শনিবার আটক করা হয়। পরে রাতের দিকে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দেয় পুলিশ। আদালতের নির্দেশে রোববার সকালে মুক্তি পান অভিজিৎ ও দলের শীর্ষ দুই নেতা।
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ করতে হবে।
মুক্তির পর অভিজিৎ মোদি সরকারের কাছে প্রশ্ন তোলেন, একজন নির্বাচন কমিশনারকে রক্ষায় কেন পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি জানান, রোববারই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে দাদি মারা যাওয়ায় এদিন তিনি নিজ বাড়িতে যাচ্ছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।