দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বাড়ায় সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ফিলিস্তিনি বাবা-মায়েরা। রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির গ্রামের একটি স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তাহীনতা কাটেনি।
স্কুলটির প্রধান শিক্ষক বাসাম আল-আসাফ জানান, নিরাপত্তা বাড়াতে স্কুলজুড়ে নতুন কাঁটাতারের বেড়া ও শক্তিশালী ফটক বসানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবক—উভয়েই আতঙ্কের মধ্যে রয়েছেন।
চলতি বছর আল-মুঘাইয়িরে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে স্কুলটির তিন শিক্ষার্থীও রয়েছে। এদের একজন ১৪ বছর বয়সী আওস আল-নাসান। এপ্রিলে স্কুলের ফটকের বাইরে এক বসতি স্থাপনকারীর গুলিতে নিহত হয় সে।
স্কুলটির ইংরেজি শিক্ষক ওয়াহিদ আবু নাঈম জানান, আওস নিহত হওয়ার দিন স্কুলের কাছে বসতি স্থাপনকারীদের দেখা যায়। শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করার সময় গুলি শুরু হলে তারা শ্রেণিকক্ষের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে।
তখন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, একটি গাড়িতে পাথর নিক্ষেপের পর সেখানে থাকা এক রিজার্ভ সেনাসদস্য গাড়ি থেকে নেমে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালান। পরে ওই সেনাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে তদন্ত শুরু করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।