হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে শুধু টার্মিনাল ভবন উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এটি চালুর জন্য প্রয়োজনীয় ইন্টারনেট, মেশিনপত্রসহ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয়নি। তাই ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও টার্মিনালটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, রেভিনিউ শেয়ারের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। এই আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে। এরই মধ্যে সিভিল এভিয়েশনের অন্যান্য খাতের আয় থেকে টার্মিনালের ঋণের কিস্তি দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে।
এর আগে ৩০ আগস্ট সংসদে মন্ত্রী জানিয়েছিলেন, তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে, বাকি অর্থ জাইকার ঋণ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।