চোটের ধাক্কা যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ-২বি চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।
পালমেইরাসের বিপক্ষে কোপা দো ব্রাজিলের ম্যাচে উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন পরীক্ষায় চোট ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে।
সান্তোসে ফেরার পর থেকেই বারবার চোটে পড়ছেন নেইমার। বাম উরু, ডান উরুর একই পেশি, বাম হাঁটুর মেনিস্কাস ও কাফে এর আগেও চোট পেয়েছেন তিনি। ফলে এবারও দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।
নেইমারের অনুপস্থিতি বড় ধাক্কা সান্তোসের জন্য। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ের পাশাপাশি কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও তাকে ছাড়া খেলতে হবে দলটিকে।
এদিকে নেইমারের সঙ্গে পালমেইরাস ম্যাচে চোট পেয়েছেন লুকাস ভেরিসিমো ও আলভারো বারেয়ালও। ভেরিসিমোর ডান গোড়ালিতে মচকেছে, আর বারেয়ালের বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ-২এ চোট ধরা পড়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।