ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শনিবারের অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
ডিআরআইয়ের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাই বিমানবন্দরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারে জড়িত একটি চক্রের সদস্য।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার ও বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দেন বলে দাবি করেছে ডিআরআই। পরে চক্রের আরও সদস্যদের আটক করে তাদের কাছ থেকে নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।
ডিআরআইয়ের দাবি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক ও মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার করত চক্রটি। অভিযানটির অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং পাচারের পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।