নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে লকারটি ভেসে যায়। পরে ধাদিংয়ের গলছি গ্রামীণ পৌরসভার বেলখুখোলা এলাকায় ত্রিশুলি নদীর কাছে সেটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ টাকা নিয়ে গেছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।
অভিযানে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগেও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে ভয়াবহ বন্যায় নেপালে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে, নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। বন্যার তিন দিন পরও বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।