মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ সতর্কতামূলক পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (২৯ আগস্ট) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ফেসবুকে দেয়া এক পোস্টে এসব নির্দেশনা জানায়।
নির্দেশনায় কর্মরত দেশের আইন ও বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করতে বলা হয়েছে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বর্জনীয় হিসেবে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক কিংবা প্রচার না করতে বলা হয়েছে। গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন আন্তর্জাতিক সংঘাতসংক্রান্ত উসকানিমূলক পোস্ট, নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণা এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা অনলাইন তহবিলে অনুদান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কর্মস্থল, বিমানবন্দর, বন্দর ও সরকারি স্থাপনার ছবি বা ভিডিও প্রকাশ না করা এবং পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্যের মতো ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতেও সতর্ক করা হয়েছে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।