যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ‘জ্যাভেলিন’ কেনার পরিকল্পনা করছে ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
এর আগে গেল বছরের নভেম্বরে ভারতের কাছে এফজিএম-১৪৭ জ্যাভেলিন বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সার্জিও গর বলেন, যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত জ্যাভেলিন কেনার পরিকল্পনা ভারতের জন্য বড় অগ্রগতি। তার দাবি, এ চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদনের সুযোগও তৈরি হবে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, জ্যাভেলিন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও মেরিন কোরসহ বিশ্বের কয়েকটি দেশের সামরিক বাহিনী ব্যবহার করছে। তবে ভারত ঠিক কতগুলো ব্যবস্থা কিনবে এবং এ জন্য কত খরচ হবে, তা এখনো জানা যায়নি। দিল্লির পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জ্যাভেলিন কাঁধে বহন ও উৎক্ষেপণযোগ্য একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা। লকহিড মার্টিন ও আরটিএক্স যৌথভাবে এটি তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে। ফলে নিক্ষেপকারী দ্রুত অবস্থান পরিবর্তন করে নিরাপদ স্থানে সরে যেতে পারেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।