বাল্যবিবাহ ও ইভটিজিং থেকে ছাত্রীদের সুরক্ষা দিতে প্রয়োজনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আলাদাভাবে সভা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ছাত্রীরা যাতে নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারে, বাল্যবিবাহের শিকার না হয় এবং ইভটিজিংয়ের মুখে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের সঙ্গে ইতিমধ্যে সভা হয়েছে। প্রয়োজনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আলাদাভাবে সভা করা হবে।
তিনি বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং শিক্ষাজীবনে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
মীর শাহে আলম জানান, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা আয়োজন করা হয়। এতে অংশ নেয় ৫৪৮ জন ছাত্রী। পরীক্ষায় নির্বাচিত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানের জন্য মগ উপহার দেয়া হয়। জন্মদিন উপলক্ষে ছাত্রীদের মিষ্টিমুখও করানো হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীদের যথাযথ মূল্যায়ন জরুরি। উপহার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, ওসি শাহীনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।