পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন সম্ভব হওয়াকে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, দুর্গাপূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপের মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এতে সম্ভাব্য কিছু অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে।
এবার পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।