বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার মধ্যেই সাইবার হামলার শিকার হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। সাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম ও হামলার চিহ্ন শনাক্তের পর নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা সম্ভব হয়নি। ব্যাংকটির আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটিগুলো শনাক্ত করে সাইটটি নিরাপদ করার কাজ চলছে। আজকের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
এর আগে সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু হলেও জনতা ব্যাংকের সাইটটি ম্যালওয়্যার সংক্রমণের কারণে চালু করা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর গত ২১ অক্টোবর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করা হয়।
এদিকে, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।