বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অমিত শাহ বলেন, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় আবেদনকারীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
তিনি জানান, পশ্চিমবঙ্গের আট জেলার জেলাশাসককে সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। শরণার্থীদের সম্মানের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (১৯ আগস্ট) আটটি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের সিএএর আওতায় থাকা অমীমাংসিত আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে পশ্চিমবঙ্গের সব ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করার কথাও জানান অমিত শাহ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।