জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চাইলেও এক মাসের মধ্যে এ সংকটের সমাধান সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। সরকার অন্তত তিন মাসের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ বর্তমানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি চলছে। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও জ্বালানি সংকট অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় প্রয়োজন।
সেমিনারে শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। উদ্যোক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন খরচ বাড়ছে এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা কমছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।