ভারতের দিল্লির যন্তর মন্তরে কোটাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বহু আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। বিক্ষোভ ঘিরে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভস্থলের ভিডিওতে পুলিশকে আন্দোলনকারীদের আটক করতে দেখা গেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই পুরুষ। বিক্ষোভকারীরা ব্যানার, পোস্টার ও গেরুয়া পতাকা নিয়ে জাতিভিত্তিক সংরক্ষণের বিরুদ্ধে স্লোগান দেন।
তাদের দাবি, সরকারি সহায়তা ও সংরক্ষণের সুবিধা নির্ধারণে জাতের পরিবর্তে ব্যক্তির অর্থনৈতিক অবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা, কোচিংসহ বিভিন্ন সহায়তার ক্ষেত্রেও দরিদ্রদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনার দাবি জানান তারা।
দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে কোনো বিক্ষোভ বা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০০ জনের শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল।
‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামে একটি ইনস্টাগ্রামভিত্তিক পেজ বিক্ষোভের নেতৃত্ব দেয়। পরে তারা যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।