আইফোনের কিস্তির টাকা নিয়ে পরিবারের সঙ্গে বিরোধের জেরে পাহাড়ে উঠে যায় ১৮ বছর বয়সী এক কিশোর। তাকে আত্মহত্যা থেকে বিরত রাখতে গিয়ে পাহাড় থেকে পড়ে ওই কিশোর ও তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের তিসগাঁও এলাকায়। শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানায়, কুনাল নামের ওই কিশোর কিস্তিতে একটি আইফোন কিনেছিল। কিস্তির টাকা পরিশোধের সামর্থ্য না থাকায় পরিবারের কাছে অর্থ চায় সে। এ নিয়ে বাবার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পর বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে উঠে যায় কুনাল।
স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে অনেকে ভিডিও ধারণও করছিলেন। পরে কুনালের বাবা মুরলিধর চাঁদগুড়ে তাকে ফিরিয়ে আনতে পাহাড়ের প্রান্তে যান। একপর্যায়ে বাবা ও ছেলে দুজনই ভারসাম্য হারিয়ে নিচের গিরিখাতে পড়ে যান।
স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে কয়েক মুহূর্ত পর মা সংগীতাও পাহাড় থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।