দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে তার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথের পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল। স্বাক্ষর শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
রাষ্ট্রপতির শপথ শেষে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আব্দুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।