কলকাতার নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। পার্ক স্ট্রিট থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তার দাবি, নিহতরা আগুনে পুড়ে নয়, মূলত বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। অপর্যাপ্ত ভেন্টিলেশন ও নিরাপত্তাব্যবস্থার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে অগ্নিকাণ্ডের পর হোটেল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠকে এসব কথা বলেন ওই কর্মকর্তা। তিনি জানান, বড় একটি হলরুমকে পার্টিশন দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। এসব কক্ষে পর্যাপ্ত জানালা বা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। ফলে আগুন লাগার পর ধোঁয়া ও গ্যাস বের হওয়ার সুযোগ পায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও হোটেলের ভেতরে গ্যাস জমে ছিল। তার মতে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকলে প্রাণহানি কমানো সম্ভব হতে পারত। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ঘটনার পর হোটেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দিয়েছে পুলিশ। প্রতিটি হোটেলে প্রয়োজনীয় লাইসেন্স, নিয়মিত ফায়ার অডিট, ফায়ার ও প্যানিক অ্যালার্ম এবং জরুরি বহির্গমন পথ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে নিরাপত্তাকর্মী রাখার পাশাপাশি অতিথিদের তথ্য সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।