ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লিজ-হোল্ডার আবু জাফরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে আবু জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্তের স্বার্থে আরও দুই হোটেলকর্মীকে আটক করা হয়।
পুলিশ জানায়, এন্টালি থানা এলাকার মেন মার্কেট থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের পরিচালনা ব্যবস্থা, লিজসংক্রান্ত নথি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে তদন্তকারী দল। একই সঙ্গে হোটেলের বিপরীত পাশে থাকা ‘যাপন’ হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই হোটেলেরও লিজ-হোল্ডার আবু জাফর বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুনে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুসহ নয়জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।
ঘটনার তদন্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ থেকে শুরু করে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিউমার্কেট থানায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।