ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার নিজেই সেই গুঞ্জনকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।
সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী কার্লোস বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। মুসলিম স্ত্রীকে নামাজ পড়তে দেখতেও তার ভালো লাগে। তবে তিনি ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয়।
মরক্কোর বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহেইলা আল তাহিরিকে বিয়ের পরই কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়ায়। তুরস্কের এক সংসদ সদস্য দাবি করেছিলেন, ব্রাজিলের এক মুসলিম ধর্মীয় নেতার কাছে গিয়ে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস।
তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে কার্লোস জানান, পরিবারের ক্যাথলিক সদস্যদের জন্য এক ধরনের আয়োজনের পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা ধর্মীয় রীতিতে আরেকটি অনুষ্ঠান করা হয়েছিল। ফলে বিয়ের সেই আয়োজন থেকেই তার ধর্মান্তর নিয়ে ভুল ধারণার সৃষ্টি হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।