মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় চাঁদাবাজি কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে। জনগণের সহযোগিতায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ও এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে জরিমানা করা হবে।
জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে এবং নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এ ব্যবস্থা চালু করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, মহাসড়কে কোনো নন-মোটরাইজড যান বা থ্রি-হুইলার চলতে দেয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।