গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশের নিয়মিত টহলের সময় যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, পরে মিছিলকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তাঁরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
মোঃ ইছমাইল হোসেন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।