বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভানকে দলে ভেড়ানোর সুযোগ খুঁজছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, কাভানের সঙ্গে আগেই চুক্তি করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর পূর্ণ হলে সিটিতে যোগ দেয়ার কথা তার। তবে ইংলিশ ক্লাবটিতে যোগ দেয়ার আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সুযোগ তৈরি করতে চায় বার্সেলোনা।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগের বিচারাধীন মামলাও আলোচনায় এসেছে। যদিও এখনো কোনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি, তবে দীর্ঘমেয়াদি আইনি জটিলতা ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাভানের প্রতিনিধিরাও পরিস্থিতির অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তবে এখনই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিলের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সব মিলিয়ে, কাভানের ভবিষ্যৎ গন্তব্য নির্ভর করছে ম্যানচেস্টার সিটির আইনি পরিস্থিতি এবং চুক্তির শর্তের ওপর। সুযোগ তৈরি হলে বার্সেলোনা এই তরুণ প্রতিভাকে দলে টানার চেষ্টা করতে পারে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।