ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে বিমান দুটি বিধ্বস্ত হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিমান দুটি ছিল এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারচালিত প্রশিক্ষণ বিমান। ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানান, দুর্ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। তবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।