পারস্য উপসাগরে চারটি জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। বুধবার (২১ অক্টোবর) চালানো এ হামলায় জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলো অবৈধভাবে তেল পরিবহন করছিল বলে দাবি করেছে আইআরজিসি। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলেও জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশটির সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেয়া হতে পারে।
এদিকে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামহোসেইন দারজি বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান।
অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনা চলছে—এমন দাবি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খুব শিগগিরই পরিস্থিতির সমাধান হবে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের দাবি, সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই ইরানের বিরুদ্ধে ভালো করছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধকে তিনি ‘ছোটখাটো সংঘাত’ বলেও উল্লেখ করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।