রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধ সরানোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
সকালে সাজেক সড়কে ব্যারিকেড দিয়ে পর্যটকবাহী গাড়ি আটকে দেন অবরোধকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়িতে পাঠানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পর গুলিবিনিময় হয়।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে প্রায় ৩ হাজার পর্যটক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সাজেক ছেড়ে নিরাপদে খাগড়াছড়ির দীঘিনালার কাছাকাছি পৌঁছেছেন।
সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। তাদের অভিযোগ, জেএসএসের সশস্ত্র সদস্যরা এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস একে ইউপিডিএফের অপপ্রচার বলে দাবি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উজোবাজার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।