নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কলেজটি পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ প্রয়োজন। নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বড় পরিবর্তন সম্ভব। তবে আন্দোলনেই দায়িত্ব শেষ নয়, দেশ পুনর্গঠনেও তাদের ভূমিকা রাখতে হবে।
ঢাকার বায়ুদূষণ শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন, দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।”
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।