নিম্নআয়ের দেশগুলোর রাজস্ব আয়ের ১৪ শতাংশ ব্যয় হচ্ছে ঋণ পরিশোধে, যা কয়েক বছর আগে ছিল ৮ শতাংশ। ঋণের পরিমাণ কিছুটা কমলেও উচ্চ সুদের কারণে ব্যয় বাড়ায় আর্থিক চাপ থেকে মুক্তি পাচ্ছে না দেশগুলো। এ পরিস্থিতিতে দ্রুত ঋণ পুনর্গঠন এবং সহজ শর্তে ঋণ ও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
শনিবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এসব কথা বলেন। এ সময় সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান উপস্থিত ছিলেন।
জর্জিয়েভা বলেন, নিম্নআয়ের দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বাড়ানো এবং সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ জরুরি। পাশাপাশি কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, আইএমএফের দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি সহায়তা তহবিলের (পিআরজিটি) সংস্কারের ফলে যোগ্য দেশগুলোকে সহজ শর্তে ঋণ দেয়ার সুযোগ আগের তুলনায় তিন গুণেরও বেশি বাড়ানো হয়েছে। তবে ঋণসহায়তার পাশাপাশি নিজস্ব রাজস্ব আহরণ ও সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করাও প্রয়োজন।
ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন আইএমএফের এমডি। তাঁর মতে, সমন্বিত অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির সুবিধা কাজে লাগানো নিম্নআয়ের দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।