ইয়েমেনে হুতি বাহিনীর সামরিক অভিযানের মুখে বাড়িঘর ছেড়ে ৭ দিনে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুকাল্লায় আশ্রয় নিয়েছে দুই পরিবার। পথে বিস্ফোরণ, গোলাগুলি, খাবার-পানির সংকট ও গাড়ির বিকল হওয়ার মতো নানা বিপদের মুখে পড়তে হয় তাদের।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সাঈদ হাসান ও তার ভাই মোহাম্মেদের পরিবার ৯ সেপ্টেম্বর লোহিত সাগরের উপকূলীয় আল-খোকহা ছেড়ে পালায়। সরকারি বাহিনীর ব্যাপক পশ্চাদপসরণ দেখে তারা দ্রুত এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেন।
দুই পরিবার দুটি পিকআপে করে প্রথমে মোচা ও পরে এডেনের দিকে যায়। পথে হুতির হামলা, নিহত সেনাদের মরদেহ ও পরিত্যক্ত অস্ত্র দেখতে পান তারা। মোহামেদের গাড়ির টায়ারও ফেটে যায়। খাবার ও পানির সংকটের মধ্যেই তারা যাত্রা চালিয়ে যান।
১২ সেপ্টেম্বর আবিয়ান প্রদেশে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়ার পর জ্বালানি সংগ্রহ করে ১৪ সেপ্টেম্বর আবার রওনা হন তারা। পথে গাড়ি নষ্ট হলেও স্থানীয় মেকানিকের সহায়তায় তা মেরামত করা হয়। ১৬ সেপ্টেম্বর শেষ পর্যন্ত দুই পরিবার মুকাল্লায় পৌঁছায়।
মুকাল্লায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন তারা। তবে দুই সপ্তাহেও কোনো কাজ পাননি। সঞ্চয়ের টাকা দ্রুত শেষ হয়ে আসায় খাবার কমিয়ে দিন কাটাচ্ছেন বলে জানান মোহাম্মেদ।
এদিকে ইয়েমেনের সরকারি এক সংস্থার তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন বা ২৯ হাজার ৫১৯ পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: আলজাজিরা
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।