শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিতের মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে জামায়াত নেতাকর্মীরা স্লোগান দেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা বহিরাগতদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুললে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। আগমনী যাত্রীর চাপ থাকায় ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে লাগেজ পেতে দেরি হওয়া ও জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।