গাড়ি-বাড়ি করার পেছনে না ছুটে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
৩ সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ মহিলা কলেজে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই চাকরি নিশ্চিত হয় না; বর্তমানে কারিগরি শিক্ষার ব্যাপক প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বাড়ছে। কিশোরদের খেলাধুলায় যুক্ত করার পাশাপাশি তাদের সংশোধনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ কাজে শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের চেষ্টা চলছে বলেও জানান ফরহাদ হোসেন আজাদ। শিক্ষক-কর্মচারীদের কষ্ট দূর করা ও তাদের মানসিকতার পরিবর্তনেও কাজ করার কথা বলেন তিনি।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।