ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পুনরায় ফুটপাত দখলের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পর্যায়ক্রমে দখল হওয়া সব ফুটপাত উদ্ধার করা হবে। সম্প্রতি ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত দখলমুক্ত করা ফুটপাতের পর নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকেই জানিয়েছেন, ১৩ থেকে ২০ বছর পর তারা ওই পথে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন।
দখলমুক্ত ফুটপাত পুনরায় দখল ঠেকাতে স্থানীয় বাসিন্দা, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম করা হয়েছে। দলটি প্রতিদিন বিভিন্ন সময়ে ফুটপাত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাইকিং করে ফুটপাতে বসতে নিষেধ করা হচ্ছে।
ডিএনসিসি প্রশাসক জানান, ফার্মগেটসহ কয়েকটি এলাকায় এখনও ফুটপাত দখল রয়েছে। এসব জায়গাতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দখলমুক্ত কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে সংবাদ প্রকাশের পাশাপাশি নগরবাসীর প্রতিক্রিয়াও তুলে ধরার আহ্বান জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।