ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ে বিক্ষোভ করবে সংগঠনটি। একই দাবিতে নয়াদিল্লির জন্তর মন্তরেও ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমাবেশের কথা রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে কমিশন কারচুপি করছে। বিরোধীদের দাবি, দেশব্যাপী ভোটার যাচাইয়ের প্রক্রিয়ায় বিপুলসংখ্যক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকা নির্ভুল করতেই যাচাই চলছে।
ককরোচ জনতা পার্টির আহ্বায়ক সৌরভ দাস ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ভোটের অধিকারই যদি কেড়ে নেয়া হয়, তাহলে পরিবর্তনের সুযোগ থাকে না। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন ও কমিশনের ডিজিটাল ব্যবস্থা নিয়ে গত ১০ মাসে কমিশনের দুই ডেপুটি উদ্বেগ জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের দাবি, অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য স্বাভাবিক এবং সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও ৬ অক্টোবর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
ককরোচ জনতা পার্টি গত বছরের শুরুতে বেকারত্ব ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গড়ে ওঠা একটি তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।