অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আইন সবার জন্য সমান নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখন বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে কাজ করবে।
তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও বন্ধ মিল-কারখানা চালুর মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কাজে বিঘ্ন ঘটলে ক্ষতি দেশের সাধারণ মানুষেরই হবে।
বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ প্রসঙ্গেও কথা বলেন। তিনি দাবি করেন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করা একটি রাজনৈতিক শক্তির অতীত ভূমিকা মানুষ মনে রেখেছে। তবে কোনো তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেয়া মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।