পাবনার সাঁথিয়া উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৮০ লাখ টাকা সরকারি বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ জানান, তাঁর উদ্যোগ ও সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক পোস্টেও তথ্য জানিয়েছেন।
বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—হইজোর শান্তিপুর ছবেদ আলী মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ছোন্দহ উচ্চ বিদ্যালয় ও কলেজ, নাগডেমরা উচ্চ বিদ্যালয় এবং সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়।
সাইয়েদ আব্দুল্লাহ জানান, সাঁথিয়ার অন্তত আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরামত ও সংস্কারের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রয়োজন যাচাই-বাছাইয়ের পর চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোর জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাবনা কার্যালয় থেকে ৬ সেপ্টেম্বর জারি করা পৃথক নথিতে প্রতিষ্ঠানগুলোর নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, PWD Schedule of Rate অনুসরণ করে প্রাক্কলন প্রস্তুত এবং e-GP পদ্ধতিতে দরপত্র আহ্বানের প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সাইয়েদ আব্দুল্লাহ বলেন, চলতি অর্থবছরেই সাঁথিয়ার আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারকাজের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।