মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, উচ্ছেদে বাধা দিতে ফুটপাত দখলকারীরা সিটি করপোরেশনের গাড়ি, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় তিনটি ময়লার গাড়িতে আগুন দেয়া এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
শফিকুল ইসলাম খান বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।