লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে যোগদানকারীদের মধ্যে বিএনপির কোনো পদধারী নেতা ছিলেন না বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রামগতির একটি রেস্তোরাঁয় গণসংযোগ মাস উপলক্ষে আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন।
জামায়াতের দাবি, যোগদানকারীদের মধ্যে রয়েছেন ২ নম্বর চরবাদাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেরাজ মোল্লা, চরবাদাম ইউনিয়নের মোল্লা বাড়ির আব্দুর জাহের মোল্লা ও মুরাদ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ। রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামের আদর্শ ও জামায়াতের নীতি মানুষের কাছে তুলে ধরতে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন যোগদানকারীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
তবে জামায়াতের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন। তিনি বলেন, মেহেরাজ মোল্লা বিএনপির কোনো পদে ছিলেন না। তিনি একসময় ছাত্রশিবির করতেন এবং চারদলীয় জোট ভোট করলে জোটের প্রার্থীর পক্ষে মাঠে থাকতেন। অন্য যারা যোগ দিয়েছেন, তারা জেএসডি সমর্থিত বলেও দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।