বগুড়ার কাহালুতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে চেতনা নাশক দ্রব্য খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কাহালুর বেলঘরিয়া বড়ইতলা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। পাশ থেকে অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে শিশু সন্তানসহ এক নারীকে রাস্তার পাশে পাওয়া যায়। তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধান মিললেও ওই দম্পতি ঘটনাস্থল ছাড়ার প্রায় আধা ঘণ্টা পর পাশের ডোবায় মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।
পুলিশের ধারণা, যাত্রীবেশে ওই দম্পতি অটোরিকশায় উঠে চালককে চেতনা নাশক দ্রব্য খাইয়ে থাকতে পারেন। পরে তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
ওসি জানান, ওই দম্পতির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।