রাজধানীর দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চারটি পিকআপে করে শতাধিক মুখোশধারী সেখানে ঢুকে তাণ্ডব চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করা হয়েছে। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে হাউজিং এলাকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। কয়েকজনকে কুপিয়ে আহত করার পাশাপাশি কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। হাউজিং কর্তৃপক্ষের দাবি, চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়েছে।
নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করছে এবং ক্রয় করা জমি দখলে নেয়ার চেষ্টা করছে। প্রায় দুই মাস আগেও একই কায়দায় হামলা হয়েছিল বলে জানান তিনি।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে থাকা কর্মীদের মারধর করে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, চাঁদা দাবি করা হলে সামর্থ্য থাকলে তিনি তা দিতেন। একইসঙ্গে প্রশাসনের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।